গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।


শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে তিনজনই মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের বাসিন্দা—তারা হলেন মোতালেব পাইক (৮০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫) এবং মেয়ে রুমা বেগম (৩৫)। অপর নিহত ব্যক্তি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)।


ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।


ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।