গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের (জিওপি) জেলা শাখার সভাপতি আল আমিন সরদারসহ নবগঠিত কমিটির ৪৯ নেতা পদত্যাগ করেছেন। তারা রোববার কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।


সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা সভাপতি আল আমিন সরদার বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলার নতুন কমিটি গঠনের পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি মো. আল আমিন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে এম নাজমুল ইসলামসহ মোট ৬৩ সদস্যের কমিটির ৪৯ জন পদত্যাগ করেছেন।


পদত্যাগকারীদের অভিযোগ, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বঞ্চিত করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার বিরোধী।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। তবে যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই দুঃখের সঙ্গে আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি। তবুও আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।”


পদত্যাগকারী জেলা সভাপতি আল আমিন সরদার বলেন, “নতুন কমিটিতে সাবেক যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে কমিটিতে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন হয়েছে। নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেওয়ায় আমি ও ৪৯ সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

গোপালগঞ্জ প্রতিনিধি