মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

\r\n

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বোর্ডটি গঠন করা হয়। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে এ বোর্ড গঠন করা হয়েছে।

\r\n

বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম এ আজিজ, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আলীউজ্জামান এবং থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. জুলফিকার হায়দার।

\r\n

ডা. জাফর ইকবালের বরাত দিয়ে ওসমান হাদীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢামেকের অস্ত্রোপচার দলের সদস্য ও নিউরোসার্জারি বিভাগের ডা. আব্দুল আহাদ আজ দুপুরে মেডিভয়েসকে জানান, হাদীর অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন কোনো অপারেশনের প্রয়োজন নেই; ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসা চলবে।

\r\n

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সিদ্ধান্তে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টা ৬ মিনিটে তাকে বহন করা অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় পৌঁছায়।

\r\n

উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদী। রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহীরা খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশে বের হয়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় হাদীকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।