রাজধানীর গুলশান এলাকা থেকে ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে গ্রেপ্তারের পর দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

গুলশান থানার এসআই আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃত আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার কাবিলপুরে।

শনিবার ভোররাতে তাকে ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে আটক করা হয়। গত ১৩ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলা তাকে আদালতে পাঠানো হয়েছে। আগে তিনি ধানমন্ডি এলাকায় থাকতেন।

আহসান হাবিব ভূঁইয়ার আইনজীবী সারোয়ার হোসাইন অভিযোগ করে বলেন. ‘বারবার থানায় গেলেও আমাকে তার (আহসান হাবিব) সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি আটকের কারণও জানায়নি। অথচ সংবিধানে বা সিআরপিসিতে তার এ অধিকার রয়েছে।’

ব্যারিস্টার আহসান হাবীব ভুইয়া আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভুইয়ার ছেলে।