গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। এবার সেটা বাস্তবায়ন হলো। হুয়ান গার্সিয়াকে দলে ভেড়াল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ছয় বছরের চুক্তিতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে এই গোলরক্ষককে দলে টেনেঢ়ে তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালানরা।

বিবৃতিতে জানা গেছে, রিলিজ ক্লজের ২ কোটি ৫০ লাখ ইউরো মিটিয়ে ২৪ বছর বয়সী এই ফুটবলারকে নিয়েছে তারা। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন। তার চুক্তির মেয়াদ ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।

গেল মৌসুম থেকেই গোলরক্ষক সমস্যার ভুগছিল বার্সেলোনা। তিন গোলরক্ষকের মধ্যে ৩৩ বছর বয়সী মার্ক আন্দ্রে টের স্টেগান চোটের কারণে গত মৌসুমের বেশিরভাগ সময় বাইরে ছিলেন।

এরপর জরুরী ভিত্তিতে দলে নেওয়া হয় পোল্যান্ডের ভয়চেখ স্ট্যান্সনিকে। তিনি ধীরে ধীরে দলের প্রথম পছন্দ হয়ে ওঠেন। এই মাসেই শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ, তবে মেয়াদ আরও বাড়ানোর কথা বিবেচনা করছেন তিনি।

বাকিজন ইনাকি পেনা ছাড়তে পারেন ক্লাব। নিয়মিত খেলার আশায় এই গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাতে আরেকজন গোলরক্ষকের প্রয়োজন অনুভব করায় গার্সিয়াকে দলে টানলো স্প্যানিশ ক্লাবটি।

গার্সিয়া এস্পানিওলে যোগ দেন ২০১৬ সালে। যুব দল হয়ে তার মূল দলে অভিষেক হয় ২০২১ সালে। ২০২৪ সালে এস্পানিওলকে লা লিগায় তুলতে বড় অবদান রাখেন তিনি।