গাজীপুর নগরের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩৭টি রুগ্ন ঘোড়া এবং প্রায় ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১১টায় পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ। অভিযানে অংশ নেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের সদস্যরা।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এক বছর ধরে হায়দরাবাদ এলাকায় গোপনে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছিল। স্থানীয় শফিকুল ইসলাম এই ব্যবসা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘরের তালা ভেঙে প্রবেশ করলে ৩৭টি রুগ্ন ঘোড়া ও মাংস উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো সেখানে রাখা হয়েছিল। কেউ আটক করা যায়নি। উদ্ধারকৃত ঘোড়া ও মাংস জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে হস্তান্তর করার আগে স্থানীয় একজনের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন হারুন রোমান জানান, অধিকাংশ ঘোড়া রুগ্ন এবং ঘোড়ার মাংসে টক্সিন থাকতে পারে, যা মানুষের জন্য ক্ষতিকর। তিনি জনসাধারণকে ঘোড়ার মাংস ক্রয় ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।





