গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলায় গুলি ও ককটেল বিস্ফোরণের পাশাপাশি ঝুট বোঝাই একটি ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে বাসন মহানগরীর বাসন ভিটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা খান ট্রেডিংয়ের প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানেল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয় নিয়ে চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী শনিবার ঝুট নিতে গেলে বাসন থানা বিএনপির নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ জনের একটি দল সেখানে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে।





