জুলাই অভ্যুত্থানে আহত ও অঙ্গহানি হওয়া ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের চিকিৎসা, মানসিক সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) গাজীপুরে অঙ্গহানিদের নিয়ে এক সেবা ও মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহানা জাফর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “জুলাইয়ের ঘটনায় আহতরা শুধু শারীরিক ক্ষত নয়, মানসিকভাবেও বড় আঘাত পেয়েছেন। আমরা চাই তাদের সার্বিক পুনর্বাসন নিশ্চিত করতে।”

তিনি আরও জানান, রেড ক্রিসেন্ট দেশজুড়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি অঙ্গহানিদের জন্য বিশেষ চিকিৎসা, ফিজিওথেরাপি, মানসিক পরামর্শ এবং মাসিক আর্থিক সহায়তা প্রদান করছে। আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের জন্যও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া অঙ্গহানিরা রেড ক্রিসেন্টের সহায়তায় কৃতজ্ঞতা জানান এবং নিয়মিত চিকিৎসা ও পরামর্শ সেবার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বেশি আহত ব্যক্তিকে এই সহায়তার আওতায় আনা হবে, যাতে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।