গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নেতা ফরিদ সরকার (৪১) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটে বুধবার (২৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায়।

নিহত ফরিদ সরকার নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহতের বাবা জামাল উদ্দিন সরকার জানান, ২০ বছর প্রবাস জীবন শেষে বছর খানেক আগে দেশে ফেরেন ফরিদ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে ইটভাটায় মাটি সরবরাহের জন্য বের হন। স্থানীয় সদস্য সবুজ মেম্বারের মাধ্যমে পরে জানা যায়, ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। কিন্তু ইটভাটায় গিয়ে দেখা যায়, ফরিদ মাটিতে লুটিয়ে পড়ে আছেন এবং তার গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

পরবর্তীতে ফরিদকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমদ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তা পরে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।