গাজীপুর মহানগরীর জুগিতলা এলাকায় দিনে-দুপুরে গুলি ছুড়ে এক রাজনৈতিক নেতার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুলির মুখে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. হাবিব চৌধুরী (২৪)।


\r\n

ভুক্তভোগী হাবিব চৌধুরী জানান, তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। বৃহস্পতিবার দুপুরে দুই ব্যক্তি ক্রেতা সেজে জুগিতলা এলাকায় তার সঙ্গে দেখা করে। কথাবার্তার একপর্যায়ে একজন মোটরসাইকেলটি টেস্ট ড্রাইভ করার কথা বলে সেটিতে ওঠেন। ঠিক তখনই সঙ্গে থাকা অপর ব্যক্তি হঠাৎ পিস্তল বের করে হাবিব চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত থাকলেও আতঙ্কে সরে যান। এই সুযোগে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।


\r\n

হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা ফটিক চানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মুগর খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন এবং স্থানীয়ভাবে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত।


\r\n

দিনের আলোতে জনবহুল এলাকায় এমন সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


\r\n

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মৌখিকভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে এবং জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান চলছে।