গাজীপুরের কাপাসিয়ায় আড়াল পুলিশ ফাঁড়িতে সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
গাজীপুরের কাপাসিয়ায় আড়াল পুলিশ ফাঁড়িতে সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পড়ার সময়: 1 মিনিট
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল পুলিশ ফাঁড়িতে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কাপাসিয়ার আড়াল এলাকায় বিএনপি নেতা কানন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে আড়াল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর খায়রুল বাশার একটি টিম ঘটনাস্থলে পাঠান। সাব-ইন্সপেক্টর ইকরামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে একটি বেকু (এক্সকাভেটর) ও মাটি ভর্তি বেশ কয়েকটি ট্রাক জব্দ করা হয়।
তবে অভিযোগ উঠেছে, অভিযানের পর বিএনপি নেতা কানন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে পরিস্থিতি ভিন্ন দিকে নেন। স্থানীয় সূত্রের দাবি, বেকু ও অন্যান্য সরঞ্জাম রেখে দিয়ে কেবল একটি খালি ট্রাক নিয়ে ফেরার বিষয়ে সমঝোতা হয়। পরদিন ভোরে সাব-ইন্সপেক্টর ইকরাম শুধুমাত্র একটি খালি ট্রাক নিয়ে আড়াল ফাঁড়িতে হাজির হন।
এরই মধ্যে পুরো বিষয়টি ফাঁড়ির ইনচার্জকে অবহিত করা হয়। পরবর্তীতে ইন্সপেক্টর খায়রুল বাশার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সাব-ইন্সপেক্টর ইকরামের বিরুদ্ধে তার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে। ইনচার্জ খায়রুল বাশার বলেন, অর্থ কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইকরাম শৃঙ্খলাবহির্ভূত আচরণ করেন, যা একজন পুলিশ কর্মকর্তার জন্য অনভিপ্রেত।
অভিযোগ রয়েছে, ঘটনার পর ইকরাম একটি খালি ট্রাক নিয়ে অন্য স্থান থেকে মাটি ভর্তি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, সাব-ইন্সপেক্টর ইকরামের বিরুদ্ধে আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল।