গত অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ৯৭০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল—এমন অভিযোগ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার (২৮ ডিসেম্বর) আঞ্চলিক সূত্রের বরাতে বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মোট ৯৬৯টি লঙ্ঘনের মধ্যে ৪৫৫টি ছিল বিমান ও কামান হামলা এবং বেসামরিক নাগরিক ও তাদের ঘরবাড়ির ওপর ২৯৮টি গোলাবর্ষণ। এসব হামলায় অন্তত ৪১৮ জন নিহত এবং ১ হাজার ১৪০ জনের বেশি আহত হয়েছেন।
আঞ্চলিক কর্তৃপক্ষ আরও অভিযোগ করেছে, ইসরায়েল এখনো গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করছে। এর ফলে খাদ্য, ওষুধ, পানীয় জল ও জ্বালানির তীব্র সংকটে পড়েছে উপত্যকার বাসিন্দারা। শৈত্যপ্রবাহের মধ্যে প্রবল বাতাস ও ঝড় পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর থেকে মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজাজুড়ে নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে আরেক দফা যুদ্ধবিরতি ভেঙে গত ২৭ মে থেকে ইসরায়েল পৃথকভাবে সাহায্য বিতরণ কার্যক্রম শুরু করলে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। এ সময় খাদ্য বিতরণ কেন্দ্রের আশপাশে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় শত শত মানুষ নিহত হন এবং অপুষ্টি ও দুর্ভিক্ষে বহু শিশুসহ অসংখ্য মানুষ প্রাণ হারান।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গাজাজুড়ে যুদ্ধ পরিচালনার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা মামলার মুখোমুখি রয়েছে।





