গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ৪৪ দিনে ইসরাইল গাজায় অন্তত ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজার সরকারি গণমাধ্যম অফিস এই তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার এক বিবৃতিতে গণমাধ্যম অফিস জানায়, যুদ্ধবিরতির পর ইসরাইলের অব্যাহত হামলায় প্রায় ৩৪২ জন বেসামরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই শিশু, নারী ও বৃদ্ধ। বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তির পদ্ধতিগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। শুধু শনিবার ২৭টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার ফলে ২৪ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন।”

দপ্তরটি আরও জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে সৃষ্ট মানবিক ও নিরাপত্তা সংকটের জন্য ইসরাইল সম্পূর্ণ দায়ী। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গাজা উপত্যকায় প্রয়োজনীয় সাহায্য ও চিকিৎসা সরবরাহের সম্পূর্ণ এবং অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ ত্রাণ সরবরাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।