ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হাতে বন্দি জিম্মিদের পরিবারের সদস্যদেরকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফের প্রস্তাবে রাজি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের দেওয়া নতুন গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের পরিবারের সদস্যদেরকে নেতানিয়াহু জানিয়েছেন, তিনি উইটকফের প্রস্তাবে রাজি আছেন।

ইসরায়েলের চ্যানেল ১২, কান, ১২৪ এবং হারেৎজ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় পরে চ্যানেল ১২ কে ‘প্রপাগান্ডা চ্যানেল’ আখ্যা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

তাছাড়া, চ্যানেলটির এক সাংবাদিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেকর্ডিং ডিভাইস পাচারের চেষ্টারও অভিযোগ করেছে। জিম্মিদের পরিবারের সঙ্গে নির্ধারিত একটি বৈঠকের আগে দিয়ে এই পাচারের চেষ্টা চলে বলে অভিযোগ করা হয়।

তবে বিবৃতিতে উইটকফের যুদ্ধবিরতি প্রস্তাবে নেতানিয়াহুর রাজি থাকার খবর সরাসরি অস্বীকারও করা হয়নি। চ্যানেল ১২ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার চেষ্টা সম্পর্কে ওয়াকিবহাল এক ফিলিস্তিনি কর্মকর্তা বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে। হামাস এখনও তাদের জবাব জানায়নি।” এর আগে হামাস বৃহস্পতিবারেই মধ্যস্থাকারীদের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে এবং সেটি পড়ে দেখছে বলে জানায়।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ এ সপ্তাহের শুরুর দিকে গাজায় ১৯ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসান এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি করার বিষয়ে আশাবাদ প্রকাশের পর নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের রাজি থাকার খবর এল।

এর আগে গত ২৬ মে গাজায় যুদ্ধবিরতি নিয়ে স্টিভ উইটকফের প্রস্তাবে রাজি থাকার কথা জানিয়েছিল হামাস। তবে ইসরায়েল তখন সেই প্রস্তাবের ব্যাপারে তাদের কোনও সিদ্ধান্ত জানায়নি। এবার ইসরায়েল উইটকফের প্রস্তাব গ্রহণ করার কথা জানাল।

উইটকফের নতুন প্রস্তাবে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে গুরুত্ব সহকারে আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে যাওয়া এবং জিম্মিরা মুক্ত হওয়ার পর ইসরায়েলের গাজায় অভিযান আর শুরু না করার কথাও বলা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জন জিম্মি হয়। এরপরই ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত এ যুদ্ধে অন্তত ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূখন্ডটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ত্রাণ সংস্থাগুলো বলছে, সেখানে খাদ্য সংকটে মারাত্মক অপুষ্টি ছড়িয়ে পড়েছে।