ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা হামলা চালিয়ে অন্তত ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম ও স্বাস্থ্য সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।
\r\nফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক দিনের তুলনায় আজ গাজায় সবচেয়ে বেশি মাত্রায় হামলা চালিয়েছে ইসরায়েল। অব্যাহত বিমান হামলা ও গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বসতবাড়ি ও অবকাঠামো।
\r\nএদিকে, মধ্যপ্রাচ্য সফরে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। সফরের আগে ইসরায়েল হুমকি দিয়েছিল, হামাস যুদ্ধবিরতিতে না এলে ট্রাম্পের সফর চলাকালেই গাজায় বড় ধরনের অভিযান চালানো হবে।
\r\nগতকাল বুধবারও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হন। আজকের নিহতের সংখ্যা আগের দিনের চেয়েও বেশি।
\r\nদুই মাসেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করেছে ইসরায়েল। খাদ্য, পানি ও চিকিৎসাসেবার তীব্র সংকটে পড়েছে স্থানীয় জনগণ। মানবিক সহায়তা ব্যাহত হচ্ছে, আর এর মধ্যেই অব্যাহত রয়েছে বিমান হামলা। অনাহারে ও ক্লান্তিতে জর্জরিত সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন।
\r\nবিশ্লেষকরা বলছেন, এই সহিংসতা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।





