ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নতুন করে রক্তাক্ত হয়ে উঠেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। সর্বশেষ হামলাগুলোতে আরও ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৮ জন শিশু রয়েছে।

\r\n

আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একদল সাধারণ মানুষের ওপর চালানো ড্রোন হামলায় দুজন নিহত হন। একই শহরে পৃথক ড্রোন হামলায় আরও একজন এবং পূর্বের হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়।

\r\n

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে আশ্রয়প্রার্থীদের তাবু লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারান বাবা ও ছেলে। শহরের পশ্চিমাংশে এক তাবুতে চালানো ড্রোন হামলায় দুই শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি ও আসদা শহরের কাছে তাবুতে চালানো পৃথক হামলায় নিহত হন আরও চারজন, যাদের মধ্যেও দুই শিশু রয়েছে। একটি তাবুতে ড্রোন হামলায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সাইকেল চালানোর সময় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এক তরুণ।

\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ ও গুলিবর্ষণ চালিয়েছে। গাজা শহরের গোলাবর্ষণে নিহত হয়েছে আরও একটি শিশু। আহত হয়েছেন জাবালিয়ার এক বাসিন্দা।

\r\n

এদিকে, খান ইউনিসে একটি গাড়িতে চালানো বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। গাজা শহরের অপর একটি হামলায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে একজন শিশু কন্যা।

\r\n

গাজার আল-তুফাহ এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণে ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন। জাবালিয়ার ওল্ড গাজা স্ট্রিটে অবস্থিত একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়েছে, যাতে অন্তত দুজন আহত হয়েছেন।