ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। একই দিনে লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও দুই জনের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
\r\nপ্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় দিনভর বিমান হামলা চালায়, যার মধ্যে তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসির এলাকাও রয়েছে। এসব হামলায় নিহতের সংখ্যা ৩৩ এবং লেবাননে ২ জনে দাঁড়িয়েছে।
\r\nএদিকে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু আলাদা এক প্রতিবেদনে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২০১ জনে। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জন।
\r\nগাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সর্বশেষ হামলায় আহত অন্তত ১৪৫ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
\r\nউল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযান শেষে আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।





