ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার (২৯ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিমান হামলার নির্দেশ দেন। অন্যদিকে, হামাস শর্ত ভঙ্গের কারণে নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত রেখেছে।
গাজা সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি বিমান সাবরা এলাকা, শাতি শরণার্থী শিবির ও আল-শিফা হাসপাতালের আশপাশে হামলা চালিয়েছে। কামান থেকে গোলা ছোড়া হয়েছে দেইর আল-বালাহ এলাকার পূর্বাংশে।
ইসরায়েলি সেনারা রাফায় অবস্থান করার সময় সেখানকার সন্ত্রাসী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিকভাবে আহতের তথ্য পাওয়া গেলেও বিস্তারিত জানা যায়নি। পরে ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালায়। ফিলিস্তিনি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রাফা এলাকায় ইসরায়েলি কামান থেকেও গোলা ছোড়া হয়েছে।
পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে গাজায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেক বাসিন্দা নতুন হামলার এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তবে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা চুক্তি মেনে চলছে এবং নতুন সংঘাতের দায় ইসরায়েলের ওপর বর্তায়।





