ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধকে চ্যালেঞ্জ জানাতে গাজার উদ্দেশে যাত্রা করেছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আরও ১১টি জাহাজ।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ইতালীয় ও ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে যাত্রা শুরু করে। পরে ৩০ সেপ্টেম্বর তাদের সঙ্গে ‘কনসায়েন্স’ নামের আরেকটি জাহাজ যুক্ত হয়। কয়েক ঘণ্টার মধ্যে এই তিনটি জাহাজ ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ অভিযানে থাকা আটটি নৌকার সঙ্গে মিলিত হওয়ার কথা রয়েছে। একসঙ্গে ১১টি জাহাজ মিলে একটি বহর গঠন করে গাজার দিকে এগোবে।

সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে ক্রিট উপকূলে থাকা নৌযানগুলোতে প্রায় ১০০ জন যাত্রী রয়েছেন। তাদের যাত্রা সরাসরি পর্যবেক্ষণের জন্য অনলাইনে লাইভ ট্র্যাকিং সুবিধা রাখা হয়েছে।

২০০৮ সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর আগে একাধিকবার গাজায় মানবিক সহায়তা পাঠানোর চেষ্টা করেছে। তাদের উদ্দেশ্য, অবরুদ্ধ উপত্যকার মানুষের পাশে দাঁড়ানো এবং বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, নতুন এই বহরের খবরটি এসেছে মাত্র একদিন পর, যখন ইসরায়েল গাজাগামী ৪২টি নৌকায় অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে এবং ৪৫০ জনেরও বেশি কর্মীকে আটক করে।

প্রায় ১৮ বছর ধরে গাজায় অবরোধ বজায় রেখেছে ইসরায়েল। দুই কোটি ৪০ লাখ মানুষের এই অঞ্চলে খাদ্য ও ওষুধ সরবরাহ সীমিত করে গত মার্চে অবরোধ আরও কঠোর করা হয়। এর ফলে ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৬৬ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করেছে, অব্যাহত হামলা, দুর্ভিক্ষ ও রোগব্যাধির কারণে গাজা দ্রুত বসবাসের অযোগ্য হয়ে উঠছে।