তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে এক খোলা চিঠি লিখেছেন, যেখানে তিনি গাজার শিশুদের প্রতি একই ধরনের সহানুভূতি দেখানোর আহ্বান জানিয়েছেন—যেমনটি মেলানিয়া ইউক্রেনের শিশুদের জন্য প্রকাশ করেছিলেন।
চিঠিতে এমিন এরদোয়ান উল্লেখ করেন, ইউক্রেনে নিহত ৬৪৮ শিশুর জন্য মেলানিয়ার যে মানবিক অনুভূতি দেখা গেছে, তা যেন গাজার শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তিনি মেলানিয়াকে অনুরোধ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানাতে, যেন তিনি গাজার শিশুদের মানবিক পরিস্থিতি উপলব্ধি করেন এবং সহানুভূতি দেখান।
চিঠিতে এমিন এরদোয়ান লিখেছেন, “একজন মা, একজন নারী এবং একজন মানুষ হিসেবে আমি আপনার অনুভূতির সঙ্গে একমত। আমি আশা করি, আপনি গাজার শিশুদের প্রতিও একই ধরনের আশা ও সহানুভূতির বার্তা দেবেন।”
উল্লেখ্য, গত দুই বছরে গাজায় প্রায় ১৮ হাজার শিশু ও মোট ৬২ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে।
গাজার সংকট নিয়ে এরদোয়ান দম্পতি বরাবরই যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েল গাজায় “ক্ষুধাকে অস্ত্র” হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, ফিলিস্তিনি অঞ্চল থেকে পাওয়া চিত্রগুলো “নাৎসি শিবিরের” ভয়াবহতাকেও ছাড়িয়ে গেছে।
এদিকে, জাতিসংঘ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা করেছে, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে “নির্লজ্জ মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছেন।





