গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় ৩৪ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে জার্মানি। যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের সংকট নিরসনে এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সহায়তার বেশির ভাগই যাবে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সংস্থা ইউএনআরডব্লিউএ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে। এ অর্থ দিয়ে গাজার হাসপাতালে ও আশ্রয়কেন্দ্রে জরুরি চিকিৎসা সরঞ্জাম, খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।

বার্লিন জানায়, “গাজার মানুষ এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। মানবিক সহায়তা পৌঁছানো আমাদের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক সমাধান না আসা পর্যন্ত আমরা বেসামরিক জনগণের পাশে থাকব।”

জাতিসংঘের হিসাব অনুযায়ী, দীর্ঘস্থায়ী সংঘাত ও অবরোধের কারণে গাজার ২০ লাখের বেশি মানুষ এখন খাদ্য ও ওষুধের ঘাটতির মুখে রয়েছে।

উল্লেখ্য, জার্মানি এর আগেও গাজা পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রমে কয়েক দফা অর্থ সহায়তা দিয়েছে। নতুন এই সহায়তা চলমান যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় এককালীন অনুদান হিসেবে বিবেচিত হচ্ছে।