গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম এ ঘটনার দায়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক অভিযোগটি নিশ্চিত করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়ন বিএনপি নেতা মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা বানেশ্বর বাজারে জমিজমাসংক্রান্ত বৈঠকে বসেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ধারাল অস্ত্র নিয়ে একটি দল কার্যালয়ে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা নেতাকর্মীদের মারধর করে, অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করেছে।


অভিযোগে মো. লেবু মিয়া, মো. বেলাল মিয়া, মো. আব্দুল লতিফ, মো. কবেল মিয়া, মো. ফারুক, মো. রানা মিয়া, মো. তামিম মিয়া, মো. মোজাম্মেল হক ও মো. হাসিবসহ আরও ২০–২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।


ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন, “পার্টি অফিসে বৈঠক চলাকালে হঠাৎ সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করছি।”


ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।