কুষ্টিয়ার কুমারখালীতে গাঁজা ক্রয়ের ঘটনায় এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী ফাজিল মাদ্রাসার ভেতরে এই হামলা সংঘটিত হয়।
আহত কিশোর কুমারখালী এমএন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরের স্বজনেরা জানান, রোববার শেরকান্দি পশুহাট এলাকার মাদক ব্যবসায়ী আরিফের কাছ থেকে গাঁজা কেনার সময় ১০ টাকা কম দেওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। আজ সকালে স্কুলে যাওয়ার পথে আরিফের সহযোগীরা কিশোরকে ধাওয়া করলে সে দৌড়ে মাদ্রাসার ভিতরে প্রবেশ করে। সেখানে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কিশোরের পিঠ, ঘাড় ও মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর থেকে আরিফ গা-ঢাকা দিয়েছেন এবং তার ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, কিশোরের শরীরে একাধিক আঘাতের ক্ষত রয়েছে, তবে সে শঙ্কামুক্ত।
কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





