ঢাকার আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালায়। সেখান থেকে ৯ জনকে আটক করা হয়।


আটকরা হলেন-  মধুপুর এলাকার আব্দুর রহমান (৪২), মো. শাহজাহান বেপারী (৬৪), মোহাম্মদ সরোয়ার (৫২), মো. জুলহাস উদ্দিন (২৪), মো. সুমন (২৩), মো. সুজন (২০), মো. শাহিনুর ইসলাম (৩০), মো. সুমন (৩৬) এবং গোপিপাড়া এলাকার মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।


একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রে পৃথক অভিযানে আরও ৪ জনকে আটক করা হয়। তারা হলেন- মো. মন্টু মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৬), কবির হোসেন (৩৭) ও রাকিব হোসেন (৩৯)। তারাও একই প্রার্থীর সমর্থক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ গণমাধ্যমকে জানান, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে আছেন। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।