কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় দল-মতের ঊর্ধ্বে থেকে সমন্বিত উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উন্নয়ন, নাগরিক অধিকার ও জনসেবাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।” তিনি জানান, কলারোয়ার সকল কার্যক্রম সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পরিচালনা করা হবে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।

তিনি জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংবর্ধনা শেষে এমপি ইজ্জত উল্লাহ কলারোয়ার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ অগ্রযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।