প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশের রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে আর অপশাসন ফিরে আসবে না। তিনি বলেন, সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবদের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার বক্তব্য তুলে ধরেন।
প্রেস সচিব জানান, অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা সীমিত পরিসরে বক্তব্য দেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, অতীতের অনেক নির্বাচন প্রকৃত অর্থে নির্বাচন ছিল না। তবে এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি এবং দেশ প্রায় লক্ষ্যে পৌঁছে গেছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন, যা তাদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করবে।
নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথাও তুলে ধরেন তিনি। জানান, ভোটারদের জন্য ভোট প্রদানের পদ্ধতি জানাতে একটি অ্যাপ চালু করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণে আলাদা অ্যাপ ব্যবহৃত হচ্ছে।
ড. ইউনূস বলেন, ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করা হয়েছে। প্রায় ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগের ফলে এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





