আখাউড়া প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) | ৫ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী মো. জহিরুল হক খান অভিযোগ করে বলেন, তাদের বিভিন্ন নেতাকর্মীর ওপর বিএনপির সমর্থকদের পক্ষ থেকে হামলা, ফেস্টুন ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা এবং নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এসব ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।
জাতীয় পার্টির এই প্রার্থী আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে তিনি শঙ্কিত। তবে সব প্রতিকূলতার মধ্যেও তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।
লাঙ্গল প্রতীকের এই প্রার্থী আরো বলেন, কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে তারা ‘না’ পক্ষে অবস্থান নিয়েছেন এবং শেষ পর্যন্ত ‘না’ পক্ষে কাজ করে যাবেন। তিনি দাবি করেন, যারা ‘হ্যাঁ’ পক্ষে কাজ করছে তারা স্বাধীনতাবিরোধী অপশক্তির অংশ।





