ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ সৃষ্টির পথ বন্ধ করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা কৌশল ও অপকৌশলের মাধ্যমে সেই ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা যায়। গত ৫৪ বছরের ইতিহাসে বারবার এমন চিত্রই দেখা গেছে। এই অবস্থার পরিবর্তনে গণভোট হতে পারে একটি কার্যকর উপায়।
সোমবার (১৯ জানুয়ারি) হবিগঞ্জের নীমতলা কালেক্টর প্রাঙ্গণে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমামদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি হবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টার একটি ভিডিও বার্তা উপস্থিত ইমামদের সামনে প্রদর্শন করা হয়। এ সময় ধর্ম উপদেষ্টা দেশের সব মসজিদের ইমামদের পাশাপাশি মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট বিষয়ে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন।
ইমাম সম্মেলনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





