বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ের নেতৃত্ব দিতে শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে এসে এই আন্দোলনের নেতৃত্ব দেবেন, যা বিএনপির নির্বাচনি প্রক্রিয়া নয়।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ হোসেন এ মন্তব্য করেন।
তিনি বলেন, তারেক রহমান শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত সকল মানুষের নেতা।
দেশে নাশকতার প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচারের দোসর কারা ছিল তা জনগণ জানে এবং এখনো দেখছে। বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।”
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করা বিএনপি মহাসচিবসহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের ওপর আওয়ামী লীগের হেনস্তার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, “এ দলের নেতারা কখনো জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসার রাজনীতি করে এবং দেশকে তাদের পৈত্রিক সম্পত্তি মনে করে। তবে শেষ বিচারে জনগণই জানে কিভাবে তাদের প্রতিহত করতে হয়।”





