বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরতন্ত্রের পতন তখনই সফল হবে যখন গণতন্ত্রের উত্তরণ সম্পন্ন হবে। যদি গণতন্ত্রের উত্তরণ সম্ভব না হয়, তাহলে স্বৈরতন্ত্র আবারও ফিরে আসার সম্ভাবনা থাকবে।
বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “যেকোনো উপায়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। আর তা সম্ভব না হলে বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি।”
তিনি আরও বলেন, “যারা নানা অজুহাতে গণতন্ত্রের উত্তরণের নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা বাধা দিচ্ছেন, তারা স্বৈরতন্ত্রের পক্ষেই অবস্থান নিচ্ছেন।”
বিএনপির ১৬ বছরের গণতন্ত্র সংগ্রামের কথাও তুলে ধরে দুদু বলেন, “যারা বিএনপির ভূমিকা হালকাভাবে নিচ্ছেন, তাদের জানিয়ে দিতে চাই, যখন আমাদের আন্দোলন শুরু হয়েছিল, তখন বর্তমানে যারা ২৬ থেকে ২৮ বছর বয়সী তারা শিশু ছিল। এখন তারা ঐতিহাসিক অধ্যায়কে অস্বীকার করছে, যা তাদের অহংকারের পরিচায়ক।”
চাঁদাবাজি, দল গঠন ও বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এখন সময়ের কথা নয়, সময় আছে। আপনাদের পরিণতি ভাবা উচিত, তা না হলে ভুল হবে। এটা মাথায় রাখতে হবে।”





