খেলাধুলার সার্বিক মানোন্নয়নে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠন করলে দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বা বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) স্থাপন করা হবে।
\r\nস্থানীয় সময় রোববার (১৮ মে) পশ্চিম লন্ডনের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
\r\nতারেক রহমান বলেন, \"বর্তমানে দেশের চারটি বিভাগে বিকেএসপি রয়েছে। আমরা সরকারে গেলে প্রথম পর্যায়ে সব বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠা করব, যাতে দেশীয় পর্যায় থেকেই মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হয়। যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে, তাদের সব ব্যয় রাষ্ট্র বহন করবে।\"
\r\nতিনি আরও জানান, ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। “কমপক্ষে দুটি ওয়ার্ডের মাঝে তিন-চার বিঘা জমিতে খেলার মাঠ করা হবে, যেখানে শিশু-কিশোরেরা খেলতে পারবে এবং সাধারণ মানুষও বিশ্রাম ও হাঁটার সুযোগ পাবে,” বলেন তিনি।
\r\nশিক্ষাক্ষেত্রে সংস্কারের ইঙ্গিত দিয়ে তারেক রহমান বলেন, “আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই, যেখানে খেলাধুলা এবং দ্বিতীয় বা তৃতীয় ভাষা শেখাকে বাধ্যতামূলক করা হবে। এসব বিষয়ে আলাদাভাবে মূল্যায়ন হবে, যেন শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দেয়।”
\r\nরাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছি। এই দাবির পেছনে আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। জনগণের রাজনৈতিক অধিকার রক্ষায় আমরা এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই, যা সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করবে।”
\r\nদেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের মাঝে মতভিন্নতা থাকতে পারে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দেশের অগ্রগতি, মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
\r\nছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তারেক রহমান বলেন, “বড় ভাই হিসেবে গর্ব করার মতো সব গুণ কোকোর মধ্যে ছিল।”
\r\nঅনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, সাবেক এমপি মোশারফ হোসেন, আনিসুর রহমান তালুকদার খোকন, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।
\r\nঅনুষ্ঠানটি পরিচালনা করেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের শরফরাজ আহমেদ শরফু এবং সভাপতিত্ব করেন আবু নাসের শেখ। আয়োজক কমিটিতে আরও ছিলেন ফজলে রহমান পিনাক, শেখ সাদেক, ডালিয়া বিনতে লাকুরিয়া, আরিফুল ইসলাম উজ্জ্বল, শাকিল চৌধুরী, আব্দুস সামাদ রাজ, ফাহিদুল আলম ফরহাদ, অঞ্জনা আলম, মনোয়ার হোসেন, আলম শিমু, শফিউল আলম মুরাদ, কামরুজ্জামান চৌধুরী পাউন্ড, তুহিন মোল্লা প্রমুখ।





