কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও নাটোর-১ আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, খালেদা জিয়া আশ্রয়-প্রশ্রয় না দিলে আওয়ামী লীগ অনেক আগেই জামায়াতকে নিশ্চিহ্ন করে দিত।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটুপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
টিপু বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, বরং অন্যদের রক্ষা করেছে। “আমার নেতা খালেদা জিয়া ও তারেক রহমান প্রতিহিংসায় বিশ্বাসী নন। আমরা সংঘাত চাই না, চাই জনগণের ঐক্য। এই ঐক্যের শক্তিতেই আমরা বিজয়ী হব,” বলেন তিনি।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে দমন করার চেষ্টা করলেও সফল হয়নি। “জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসতে না দিলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে জামায়াত ইসলামসহ কোনো দল রাজনীতি করার সুযোগ পেত না,” বলেন বিএনপির এই নেতা।
আসন্ন নির্বাচনের প্রসঙ্গে টিপু বলেন, ভোট সহজ হবে না। “ভারত, চায়না, পাকিস্তান, রাশিয়া এক হয়ে ষড়যন্ত্র করবে। কিন্তু আমরা ভয় পাই না। অতীতেও তারা এক হয়েছিল, তারপরও জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। এবারও ষড়যন্ত্র মোকাবিলা করেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাব।”
সভায় উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদল ও যুবদলকে আরও সংগঠিত করতে হবে। নতুন প্রজন্মই বিএনপির আসল শক্তি, তাদের ওপর ভর করেই আগামী দিনের রাজনীতি হবে।
এর আগে শুক্রবার বিকেল থেকে তাইফুল ইসলাম টিপু ওই ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন, গণসংযোগ করেন এবং উঠান বৈঠকে অংশ নেন।





