সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়গুলোতে বেগম খালেদা জিয়া কখনোই আপস করেননি।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

\r\n

বাবর বলেন, “আমাদের নেত্রী জনগণের জানমাল রক্ষায় সম্পূর্ণ আপসহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র‍্যাব গঠন করেছিলাম, কিন্তু বিএনপি কখনোই র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি। রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে—এমন কেউ বলতে পারবে না, প্রমাণও দেখাতে পারবে না। অন্যায় করলে আমাদের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।”

\r\n

তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নেত্রীর যে গুণাবলী আমি দেখেছি, তা আর কারও মধ্যে পাইনি। পরে তার ছেলে ও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সেই গুণাবলী দেখেছি। আশা করি, তাঁর নেতৃত্বে আমরা একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারব।”

\r\n

বাবর উল্লেখ করেন, তিনি সকালে ঘুম থেকে উঠে ব্যক্তিগতভাবে এখানে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছেন। তিনি বলেন, “নেত্রীর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। ওনার দেশপ্রেম আমি নিজের চোখে দেখেছি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে তিনি কখনো কোনো আপস করেননি।”