সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।


শনিবার (২৩ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে একই দিন দুপুর আড়াইটার পর পাকিস্তানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।


প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এটিই প্রথম। কূটনৈতিকভাবে সফরটি পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সফরকালীন তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।