সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করেছে। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, নেপাল, জাপানসহ ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের পক্ষ থেকে শোকবার্তা দেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে সাক্ষাতের কথাও স্মরণ করেন মোদি। শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় আসছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের একনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানান। জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ঢাকায় আসছেন।

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন নেতাও শোক প্রকাশ করেছেন। চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো শোকবার্তায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন।

জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও জার্মানিসহ ইউরোপীয় দেশগুলোর দূতাবাসগুলো পৃথক বিবৃতিতে তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অবদানের কথা স্মরণ করে সমবেদনা জানিয়েছে।

এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
সূত্র: বিবিসি বাংলা