বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস এক শোকবার্তায় এই শোক প্রকাশ করে।
শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেত্রী ছিলেন। দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জনজীবনে রেখেছেন উল্লেখযোগ্য অবদান।
ইরানের দূতাবাস জানায়, খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বকালে বাংলাদেশ ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় ছিল।
শোকবার্তায় খালেদা জিয়ার পরিবার-পরিজন, বিশেষ করে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তাঁর সহকর্মী ও অনুসারীদের প্রতিও শোক জানিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।





