সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামলে পুঁজিবাজারে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল এবং তার দূরদর্শী সিদ্ধান্তের ফলে আজকের আধুনিক পুঁজিবাজার গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাইফুল ইসলাম।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিবিএ’র যৌথ উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন মানবিক রাজনীতিবিদ, যিনি বিরোধী মতেরও সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের স্বার্থে অটল ছিলেন এবং জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা আজও প্রেরণার উৎস।


সাইফুল ইসলাম আরও বলেন, “১৯৯১ সালে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ক্যাপিটাল মার্কেট উন্মুক্ত করার মাধ্যমে তিনি পুঁজিবাজারে নতুন অধ্যায়ের সূচনা করেন। তার দূরদর্শী সিদ্ধান্তের ফলে আজকের আধুনিক পুঁজিবাজার গড়ে উঠেছে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি।”


স্মরণসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ এবং অন্যান্য পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশের অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান অনন্য। ১৯৯১ সাল থেকে বেসরকারি খাতে যে সম্প্রসারণের সূচনা হয়, তার সুফল আজ সাধারণ মানুষ ভোগ করছে। পুঁজিবাজার ও আর্থিক খাতে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ।”


ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, “১৯৯৩ সালে তার সরকারের সময় বিএসইসি গঠিত হয়, যা পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, “তার জানাজায় কোটি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।”


বিএপিএলসির প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ বলেন, “খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি আমাদের সমাজ ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। তার প্রতি দেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা তার জীবনের প্রকৃত মূল্য প্রতিফলিত করে।”


স্মরণসভায় খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ভাতিজা মো. শামস ইস্কান্দার উপস্থিত ছিলেন এবং মরহুমার জন্য দোয়া কামনা করেন।