সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার কিছু পর বিমানবন্দরটি পৌঁছাবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটটি সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের অনুমতি পেয়েছে। বিমানটি রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করবে। কর্মকর্তারা জানিয়েছেন, খালেদা জিয়ার মেডিক্যাল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।
জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে।
বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীনের চিকিৎসক দল যুক্ত আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের গ্রিন সিগন্যালের ওপর নির্ভর করবে।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।





