বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে এবং নিজেকে তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মোতাল্লেস হোসেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের নির্দেশ অনুযায়ী এসব হিসাব থেকে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

সিআইডির তদন্তে উঠে এসেছে, মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ২৬ দশমিক ৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে সিআইডি জানিয়েছে, অর্থপাচার এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সঙ্গে সম্পৃক্ততা যাচাইয়ে মোতাল্লেস হোসেনের স্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণের কাজ চলছে। পাশাপাশি, এ ঘটনায় জড়িত সম্ভাব্য সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে।