সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা ঢাকায় আসছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পাকিস্তানের পক্ষ থেকে শুরুতে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের আসার কথা জানানো হলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আসে। ইসহাক দার এক্সে দেওয়া পোস্টে জানান, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাবিক খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন।

এ ছাড়া এক দিনের সংক্ষিপ্ত সফরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গেল এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ ঢাকায় এসে শেষ যাত্রায় অংশ নেবেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা বুধবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথেরও ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া মালয়েশিয়া, কাতারসহ আরও কয়েকটি দেশের উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিরা খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের মিশনপ্রধানরাও নিজ নিজ দেশের পক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন।

উল্লেখ্য, তিনবারের প্রধানমন্ত্রী ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জানাজা উপলক্ষে আজ বুধবার এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।