বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু দাবি করেছেন, বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বুলু বলেন, “স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি চিরকুটের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে সন্তানদের নিয়ে আত্মগোপনে যাওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী তিনি আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। পরে ১৯৭১ সালের ২২ জুলাই পাকিস্তানি বাহিনী তাকে দুই সন্তানসহ গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায় এবং সেখানেই তিনি বন্দি থাকেন। তাই বেগম জিয়াই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।”
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই উল্লেখ করে বুলু বলেন, “শহীদ জিয়া দল না গড়লে বাংলাদেশ অনেক আগেই মানচিত্র হারাত। সিকিমের মতো একটি অঙ্গরাজ্যে পরিণত হতাম। দেশ, অর্থনীতি এবং মানুষের স্বাধীনতা রক্ষায় বিএনপিই একমাত্র গ্যারান্টি।”
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “যারা ধর্মের কথা বলেন, হাদিস-কোরআনের দোহাই দেন, তারা ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। শহীদ জিয়ার ঘোষণাকে স্বীকার করেন না। এরা ইতিহাসের বিপক্ষে দাঁড়িয়ে থাকেন। যারা বলেন জামায়াতে করলে বেহেশতে যাবেন, তারা প্রকৃত মুসলমান হতে পারেন না। বেহেশতে কারা যাবে, তা একমাত্র আল্লাহ নির্ধারণ করবেন।”
তিনি আরও বলেন, “নির্বাচিত সরকার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারেক রহমান নেতৃত্বাধীন সরকার এলেই দেশের ঋণ শোধের পথ সুগম হবে। কিন্তু কিছু ধর্মব্যবসায়ী নামধারী লোক এখন পিআর (পাবলিক রিলেশনস) এর নামে মাঠে নেমেছে, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই।”
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ। উদ্বোধন করেন কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের।
আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্যসচিব সফিউল আলমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর মাহমুদ এবং মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা।
সম্মেলন শেষে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক হিসেবে সফিউল আলম রায়হানের নাম ঘোষণা করা হয়।





