বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ১২ দলীয় জোট।


শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর পরিদর্শন করে জোটের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরেও ফুল অর্পণ করেন। পরে দুই প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


১২ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাসার, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব লায়ন অ্যাডভোকেট মো. জাকির হোসেন, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।


এর আগে, গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জিয়া। পরদিন বুধবার তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দল-মত নির্বিশেষে লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজার পরে তাকে জিয়া উদ্যানে স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।