ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফায়েড কমব্যাট্যান্ট কমান্ড হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো তেল বা জ্বালানি স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর অবকাঠামো ধ্বংস করা হবে। ইরানি গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তেল ও জ্বালানি অবকাঠামো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।
হুঁশিয়ারিটি আসে এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ইরানের খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের ঘোষণা দিয়েছেন। খারগ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র, যেখানে দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হয়।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দ্বীপের তেল অবকাঠামো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কেউ যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেবে।
এর আগে ইসরায়েল তেহরানের একটি তেলের ডিপোতে হামলা চালালে, মার্কিন প্রশাসন তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছিল।
সূত্র: গার্ডিয়ান।





