বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ গত দেড় দশক ধরে কয়েকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে আন্দোলন করেনি। সরকারে যেই দলই থাকুক, তাদের অবশ্যই জনগণের কথা শুনতে হবে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে আয়োজিত এক সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করা হয় ‘নারকীয় জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে, যা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শহীদ ছাত্র-শ্রমিক-জনতার প্রতি শ্রদ্ধা ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি কর্তৃক আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, দেশের জনগণ স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গ করলেও গত দেড় দশক ধরে ক্ষমতা কয়েকজনের হাতে তুলে দিতে আন্দোলন করেনি। তিনি বলেন, জনগণ রাষ্ট্র ও সরকারের মধ্যে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা অর্জন করেছে।

তিনি বিএনপির বারবার নির্বাচনের দাবি জানানোর কারণ ব্যাখ্যা করে বলেন, একজন রাজনৈতিক কর্মী এবং নাগরিক হিসেবে নির্বাচন হলো রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান মাধ্যম। তাই বিএনপি প্রতিটি নাগরিক যেন নিজের কথা নিজেই বলতে পারে, তা নিশ্চিত করার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করে আসছে।

তারেক রহমান আরও বলেন, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র ও সরকারের মধ্যে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।

তিনি বলেন, জনগণ রাষ্ট্র ও রাজনীতির মূল ভিত্তি। সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।