ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের সুযোগ না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে। যার উদাহরণ শেখ হাসিনা।

শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটি আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, “ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার সীমা অতিক্রম করে ফেলে। মানবাধিকার রক্ষায় এটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার আজ আইনের অপব্যবহার করে মানবাধিকারের ওপর চ্যালেঞ্জ তৈরি করছে।”

তিনি আরও বলেন, “আইন দিয়ে সব কিছু হয় না, প্রতিষ্ঠান ও মানসিকতার পরিবর্তন জরুরি। সমাজে মানবাধিকারের চর্চা পাঠ্যক্রম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে।”

মানবাধিকার রক্ষায় নাগরিকদের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানবাধিকারের সঠিক চর্চা ও প্রয়োগ ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়।”