বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ ও শক্তিশালী অর্থনীতির একটি বাংলাদেশ গড়তে পারবে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, তিনি এখনো হাসপাতালে। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তার সর্বশেষ অবস্থা জানাবেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এই কামনা করেন তিনি।
রেজা কিবরিয়ার বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানকে স্বাগত জানিয়ে মহাসচিব বলেন, স্বৈরাচারবিরোধী লড়াইয়ের কঠিন সময় পার করে নতুন সমীকরণ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সংস্কার কমিশন গঠনের পর রাজনৈতিক দলগুলোর আলোচনায় যে সনদ তৈরি হয়, বিএনপি সেখানে স্বাক্ষর করে। নতুন বাংলাদেশ গড়ার সেই প্রক্রিয়াতেও রেজা কিবরিয়ার যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময়সূচি দেওয়ার কথা জানিয়েছে। এতে বিএনপি আশাবাদী। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জনগণ সমর্থন দিলে বিএনপি আবারও ক্ষমতায় এসে গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে পারবে। কারণ দলটির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ার কাজ আরও এগিয়ে নেওয়া সম্ভব।
রেজা কিবরিয়া প্রসঙ্গে তিনি বলেন, শুধু নিজ এলাকার নয়, সারা দেশেই তার কাজ ও প্রভাব স্পষ্ট হবে। তার যোগদান বিএনপির জন্য শক্তি হিসেবে কাজ করবে।





