জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা করা হবে। তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তাও দিয়েছেন। এ ঘোষণা তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেন।
নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজিত অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, “একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন এবং ক্ষেত্রবিশেষে পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে নারীরও সমান সময় দেওয়া কি ন্যায্য? আমরা ক্ষমতায় এলে তাদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করব, যাতে মা হিসেবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন।”
তিনি আরও বলেন, “মায়েদের বাড়তি সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। একজন মা সন্তান লালন-পালন করছেন, আবার পেশাগত দায়িত্বও পালন করছেন। যদি ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় করা যায়, তাহলে মায়েরা আরও মনোযোগ দিয়ে সন্তানের দায়িত্ব পালন করতে পারবেন এবং সরকারের দেওয়া সম্মান অনুভব করবেন।”
মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “যারা মানুষ হত্যা করেছে, তাদের অবশ্যই বিচার হবে। ন্যায়বিচার নিশ্চিত হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি পাবে না। যদি আল্লাহ জাতির এ আমানত আমাদের হাতে দেন, আমরা তা নিশ্চিত করব।”
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, “শুধু রেমিট্যান্স নয়, দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরিয়ে আনা হবে। আমাদের তরুণরা বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমরা তাদের অন্তত একটি অংশ দেশে চাই।”
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “যারা সরাসরি ভোট দিতে পারবেন না, তারা এখান থেকে দোয়া করবেন কিন্তু ভোট মিস করবেন না। প্রবাসীদের ভোট দেশের উন্নয়নে শক্তি হিসেবে কাজে লাগবে।”





