ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে প্রবেশের সব পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু হয়ে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ থাকবে।


\r\n

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


\r\n

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত— এসব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।


\r\n

তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। তাদের পরিবারের সদস্যরা স্ব স্ব পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশের অনুমতি পাবেন।


\r\n

বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস) ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।


\r\n

এ সময়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।


\r\n

এছাড়া, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা বা শিক্ষার্থী নন কিন্তু পরিবারের সদস্য হিসেবে জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে চান, তাদের প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।