বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, শুধু আলেম সমাজ নয়, বিএনপি ক্ষমতায় এলে কোনও নাগরিককেই বেআইনিভাবে গ্রেফতার করা হবে না। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আগে দাঁড়ি-টুপি রাখার কারণে মানুষকে জঙ্গি আখ্যায়িত করে নির্যাতন করতো ও জেলে ভরতো।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির এক সভায় তিনি এসব মন্তব্য করেন।
সালাহ উদ্দিন বলেন, “একটি দল আওয়ামী লীগের ভোট নিশ্চিত করার জন্য তাদের বিরুদ্ধে এক শব্দও উচ্চারণ করে না। বারবার বলে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি, সেই মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের পক্ষে ছিল?”
তিনি আরও বলেন, “জনগণের সামনে কিছুদিন পরে তারা হয়তো বলবে, আমরা একমাত্র মুক্তিযুদ্ধ করেছি, আর তারা করেনি। ভোটের ময়দানে এ ধরনের অনেক বক্তব্য আপনি শুনবেন। তবে বাংলাদেশের জনগণ সচেতন। এখন আর ধর্মের আড়ালে ভোট চাওয়া সম্ভব নয়। তারপরও আমাদের মাঠে-ময়দানে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।”
\r\n\r\n\r\n\r\n
সালাহ উদ্দিন আরও উল্লেখ করেন, “গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকাল হয়েছে, যেটিকে আমরা তফসিল বলছি, নির্বাচনি তফসিল।”





