এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নিয়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২০ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আল-আমিন বাদী হয়ে সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা অস্তিত্বহীন প্রতিষ্ঠান ফ্লামিংগো এন্টারপ্রাইজ-এর নামে কোনো বাস্তব যাচাই ছাড়াই এবং সহায়ক জামানত ছাড়া ঋণ বিতরণ করেন। এ সময় নজরুল ইসলাম মজুমদারের পক্ষে বিভিন্ন ব্যক্তির নামে পে-অর্ডার করা হলেও ব্যাংক কর্মকর্তারা তা জানার পরও ইচ্ছাকৃতভাবে শর্ত ভঙ্গ করে, শরিয়াহ নীতিমালা উপেক্ষা করে এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঋণ অনুমোদন দেন। এতে পারস্পরিক যোগসাজশে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়।
আসামিদের মধ্যে নজরুল ইসলামের দুই সন্তান— ওয়ালিদ ইবনে ইসলাম (নাসা বেসিকস লিমিটেডের সাবেক এমডি) ও আনিকা ইসলাম, ফ্লামিংগো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোশাররফ হোসেন, মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপ্রাইটর মোজাম্মেল হোসাইন, জান্নাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোহাম্মদ আবুল কালাম আজাদ, এনএমসি অ্যাপারেলস লিমিটেডের ডেপুটি এমডি আবুল কালাম ভুঁইয়া-কে আসামি করা হয়েছে।
এ ছাড়াও এক্সিম ব্যাংকের ২৪ জন শীর্ষ কর্মকর্তার নাম এ মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।





